
শামীম আহমেদ: আওয়ামী লীগের ‘ডেবিলদের’ সঙ্গে আঁতাত এবং মাদকের সঙ্গে আপস করলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) এক ঘণ্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দীন।
মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদ্য যোগদানকারী মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়াকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।
ড. মো. জালাল উদ্দীন এমপি বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। আর এই মাদক নির্মূলে আপনাদের (পুলিশের) ভূমিকা সবচেয়ে বেশি। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
নবাগত ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি ডেবিলদের সঙ্গে চা খাবেন এবং আওয়ামী লীগের ডেবিলদের সঙ্গে আঁতাত করবেন—এটা হতে দেওয়া হবে না। এ ধরনের আঁতাত করলে আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মতলবকে মাদকমুক্ত করতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে চারটি প্রকল্পের আওতায় মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। এছাড়া কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, জাহাঙ্গীর হোসেন ও যুবদল নেতা বশির মোল্লা বক্তব্য রাখেন।




