ফরিদগঞ্জে সাইবার হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের রাকিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে সাইবার হামলা চালিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে মো. রাকিবুল হাসান (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া এলাকার শিপন তপাদারের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন কাতারে অবস্থান করছিলেন।

পুলিশের অভিযোগ, কাতারে অবস্থানকালে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে সক্রিয় থেকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল ছবি ও তথ্য পোস্ট করে তাদের সম্মানহানি করতেন। এসব ঘটনায় কয়েকজন ভুক্তভোগী আগে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে জানা গেছে। সম্প্রতি রাকিব গোপনে দেশে ফেরেন।

স্থানীয় লোকজন তার উপস্থিতির বিষয়টি পুলিশকে জানালে শনিবার (৩ অক্টোবর) ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলায় (মামলা নং-৫৯, জিআর নং-৪৫৪) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে রোববার রাকিবুল হাসানকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে অভিযুক্ত রাকিবুল হাসানকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর