
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে এবং এ সময়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে কোস্ট গার্ডের কার্যক্রম গ্রহণ করতে হবে। নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ সমন্বয় করে কাজ করবেন। নৌ-পুলিশ, কোস্ট গার্ড, মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ভালোভাবে মনিটরিং করতে হবে।
দুর্গাপূজা বিষয়ে তিনি বলেন, সামনে দুর্গাপূজা আসছে। পূজা উদযাপন উপলক্ষে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যাপক ভূমিকা রয়েছে। তারা যেন এ বিষয়ে আরও সচেতন থাকেন। দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা নজরে এলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে হবে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দুর্গাপূজায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখব। চাঁদপুর সদরে ৪১টি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। রাত ১১টার পর যাতে মাইকিং না হয়, সে জন্য পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
কিশোর গ্যাং ও মাদকের বিষয়ে তিনি বলেন, কিশোর গ্যাং ও মাদকের উৎপাত যাতে বৃদ্ধি না পায়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, যারা মাদক বিক্রি করে, তারাই মাদক সেবন করে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। উপজেলার সকল মসজিদে মাদকের কুফল সম্পর্কে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চোরাচালানসহ সার্বিক বিষয়ে আরও দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রশাসনের কাজে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের প্রশাসনের পক্ষ থেকে সম্মানের দৃষ্টিতে মূল্যায়ন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সদর নৌ থানার পুলিশ ইনচার্জ মো. আজমগীর হোসেন এবং সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. ফেরদৌস হোসেন ।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের দায়িত্ব ব্যাপক। যেহেতু এটি আইনশৃঙ্খলা কমিটির সভা, তাই মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের জোরালো ভূমিকা পালন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। তারা ছাড়া পেয়ে পুনরায় মাদক গ্রহণ করে। তাদের চিকিৎসার আওতায় আনা বা কাউন্সেলিং করা যেতে পারে। মাদকসেবীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে মাদকের উৎপাত কমানো যাবে। চাঁদপুর মডেল থানা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় সভায় অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাডভোকেট শিরিন আক্তার সুপ্তা, কোস্ট গার্ডের কর্মকর্তা, ক্রীড়া কমিটির সদস্য আক্তার হোসেন সাগর, সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মো. খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুব আলমসহ কমিটির সদস্যরা।
ক্যাপশন: গতকাল চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।




