
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ২৮ কিশোরকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরে তাদের মধ্যে ১৯ জনকে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে থানার একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। আটক কিশোরদের মধ্যে ১৯ জনের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে তাদের ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবকদের আশ্বস্ত করার পর জিম্মায় দেওয়া হয়।
এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একজনের বিরুদ্ধে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। আরও ৩ জনের বিরুদ্ধে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মাদক সেবনের মামলা দায়েরের অপেক্ষায় রয়েছে। অপর ২ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, কিশোরদের রাতের অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধপ্রবণতা রোধে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।




