চাঁদপুরে ৮৮ মামলার অবৈধ জালসহ বিপুল মাদক আগুনে ধ্বংস

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে ৩ হাজার ১০৪ পিস ইয়াবা, ৩০ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ৮৮টি মৎস্য মামলায় জব্দ করা ১১ হাজার ৭৯০ মিটার অবৈধ জাল।

এসব আলামতের নথিভুক্ত মূল্য কয়েকটি খাত মিলিয়ে ৩০ লাখ টাকারও বেশি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনের মাঠে প্রকাশ্যে আগুন দিয়ে এসব ধ্বংসযোগ্য আলামত বিনষ্ট করা হয়। চাঁদপুর চীফ জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা শাখার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

আদালত সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। অন্যদিকে, নিষিদ্ধ ও অবৈধ জাল ব্যবহারের অভিযোগে দায়ের করা ৮৮টি মৎস্য মামলায় জব্দ করা হয়েছিল ১১ হাজার ৭৯০ মিটার জাল। দীর্ঘদিন আদালতের মালখানায় সংরক্ষিত থাকার পর মামলার বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয়তা শেষ হওয়া এবং বিধি অনুযায়ী ধ্বংসযোগ্য আলামত হিসেবে চিহ্নিত এসব মাদক ও জাল নির্ধারিত প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।

এ সময় আদালতসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের বিভিন্ন মামলায় জব্দ করা ধ্বংসযোগ্য আলামত নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বিনষ্ট করা হয়েছে।

সম্পর্কিত খবর