চাঁদপুরে স্ত্রীর সঙ্গে অভিমান, ভিডিও কলের মধ্যে স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। চাঁদপুর শহরে স্ত্রীর সঙ্গে অভিমানকে কেন্দ্র করে রিয়াদ দর্জি (নাম) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, স্ত্রী ঢাকায় বেড়াতে যাওয়ার পর ফিরে না আসায় অভিমান থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঢালির ঘাট এলাকার দর্জিবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ দর্জি ওই এলাকার মালেক দর্জি ও মরিয়ম বেগমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসায় আঁখি আক্তারকে বিয়ে করেন রিয়াদ। সম্প্রতি তাঁর স্ত্রী ঢাকায় বেড়াতে যান। পরে স্ত্রী ফিরে না আসায় অভিমান থেকে রিয়াদ এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি পরিবারের।

রিয়াদের বাবা মালেক দর্জি জানান, ছেলের মৃত্যুর ঘটনায় তাঁদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক লিটন চাকমা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। স্থানীয়রা জানান, রিয়াদ আগাস মার্কেটের সামনে একটি দোকানে চাকরি করতেন।

এদিকে বাবাকে হারিয়ে চার বছর বয়সী শিশুকন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বজনদের আহাজারি ও শোকের মাতমে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পারিবারিক বিরোধ বা মানসিক সংকটে থাকা ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

সম্পর্কিত খবর