চাঁদপুরে হার্ডওয়্যার দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ‘চাঁদপুর হার্ডওয়্যার’ নামের প্রতিষ্ঠানটিতে নাম-ঠিকানা, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং খুচরা মূল্যবিহীন অনুমোদনহীন পণ্য পাওয়ার সত্যতা মেলে। বিশেষ করে দোকানটিতে সংরক্ষিত বিভিন্ন থিনার, তারপিন, রং, বার্নিশ ও সুপার গ্‌লুর গায়ে প্রয়োজনীয় কোনো তথ্য এবং মূল্য লেখা ছিলো না। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হলে তা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করে তারা।

অভিযান চলাকালে আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনসহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্পর্কিত খবর