
ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার প্রচারণায় মাঠে সরব রয়েছেন বিএনপি’র ৩ প্রার্থী ।
তারা হলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। তবে বিএনপি ছাড়া জামায়াত না অন্য কোন দলের প্রার্থীদের প্রচার প্রচারণা এখনো চোখে পড়েনি।এদিকে জেলা বিএনপির আরেক সিনিয়র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামানের নাম শুনা গেলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আগামী নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন না।
বিএনপির এই ৩ নেতাই দলের দলের অত্যন্ত পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাদের প্রত্যেকেরই রাজনৈতিকভাবে সোনালী অতীত ইতিহাস রয়েছে। এমনকি তারা সবাই চাঁদপুর সদর ও হাইমচর আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বিশ্বস্ত।এমনকি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়।
চেয়ারম্যান প্রার্থী মানিকুর রহমান মানিক ছাত্র রাজনীতি থেকে উঠে এসে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে বর্তমানে জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়।তরুণ ও ক্লিন ইমেজের নেতা হিসেবেও তিনি অনেকটা পরিচিত।
আরেক প্রার্থী শাহজালাল মিশন বর্তমানে সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রদলের সভাপতি চাঁদপুর সরকারি কলেজের ভিপি ও জেলা যুবদলের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।বিগত দিনে দলের দুঃসময়ে এই নেতার বলিষ্ঠ ভূমিকা দেখা গিয়েছে।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীও এবার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। এই তিন প্রার্থীর মধ্যে তিনি ইতিপূর্বে একাধিকবার নির্বাচন করেছেন। ছিলেন সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও তিনি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন করেছেন। তিনি এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তৃণমূলের নেতাকর্মীদের ধারণা আগামী নির্বাচনে যেহেতু দলীয় সমর্থন থাকবে সেক্ষেত্রে দল ও সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক যাকে চাইবেন তিনি এখানে সবশেষ দলীয় প্রার্থী হবেন।




