
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজীবাড়ির মীর হোসেনের ছেলে।
তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।




