
স্টাফ রিপোর্টার : মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং পুলিশ-জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শাহরাস্তি থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর সদর মডেল থানা।
অন্যদিকে, নারী বিভাগের রোমাঞ্চকর ফাইনালে হাইমচর থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ থানা। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিটি দলই তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে। আমাদের লক্ষ্য চাঁদপুরের খেলোয়াড়দের এমনভাবে গড়ে তোলা, যেন তারা বিভাগীয় সীমানা পেরিয়ে জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করতে পারে।” কাবাডিকে দেশের জাতীয় খেলা উল্লেখ করে তিনি এর ঐতিহ্য ফিরিয়ে আনতে নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান এবং মেডিকেল অফিসার এম. আর. সায়মনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজক ও স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে।




