
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহতলী কামিল মাদ্রাসার সাবেক লাইব্রেরিয়ান ও চাঁদপুর শহরের ব্যাংক কলোনি জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা আহসান হাবীবের ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় ফরিদগঞ্জ উপজেলার দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খামারবাড়িতে এ ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বালিথুবা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মো. মমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বিল্লাল হোসাইন, ২নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন খান, আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম, আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজী, দেইচর বাইতুর নূর জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুর রহমান সালেহী, মিডল্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদ-ই-এলাহী, সাংবাদিক শওকত করিম ও সাংবাদিক মাওলানা আহমদ উল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মরহুমের মেয়ের জামাতা ও চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন চাঁদপুরী এবং মরহুমের তিন ছেলে—বড় ছেলে মাহমুদুল হাসান, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন; মেজ ছেলে হাফিজুর রহমান, যিনি বর্তমানে প্রবাসে কর্মরত এবং ছোট ছেলে মেহেদী হাসান রাফি, যিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত।
হযরত মাওলানা আহসান হাবীব গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।




