চাঁদপুরে পৌর ও সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ উপলক্ষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন ও অ্যাডভোকেট জসিম মেহেদীসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুসহ পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর