
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, “আমাদের এই সমাবেশ দুরভিসন্ধি প্রতিরোধের সমাবেশ। কেউ কেউ লংমার্চের বক্তব্য দিয়ে এক বনের বাঘ সাজতে চান। একেক জায়গায় একেক বক্তব্য দিয়ে স্বঘোষিত নানার জন্ম হয়েছে। এ বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না।”
তিনি আরও বলেন, “চাঁদপুরে যারা আরামে ঘুমিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে যোগদান করেন, তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। আপনারা যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও স্বঘোষিত নানা দাবি করেন, তাদের প্রতিহত করার জন্য যা যা করার দরকার, আমরা তাই করব।” চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।




