কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শণে শিক্ষামন্ত্রী

চাঁদপুর খবর রির্পোট : চীনের কারিগরি শিক্ষার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে সময়োপযোগী কারিগরি শিক্ষা চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় চীনের গুয়াংজুতে অবস্থিত Guangdong Finance and Trade Vocational College-এর ভাইস চ্যান্সেলর মি. লিন বিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “চীন কারিগরি শিক্ষার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে এবং এ খাতে অনেক উন্নতি করেছে। তাদের দক্ষতা কাজে লাগিয়ে এবং সহযোগিতা নিয়ে বাংলাদেশে সময়োপযোগী কারিগরি শিক্ষা চালু করা হবে।”

তিনি বলেন, উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশের কারিগরি শিক্ষকদের চীনে পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি চীনা ভাষাসহ বিভিন্ন কারিগরি বিষয়ে শিক্ষাদানের জন্য চীন থেকে শিক্ষক আনার পরিকল্পনাও রয়েছে। মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাত আরও লাভবান হবে বলে আমি বিশ্বাস করি।”

এর আগে শিক্ষা মন্ত্রী চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরে তিনি চীনা প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানগুলোর কারিগরি শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর