
মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন—সানকি গ্রামের মো. নোমানের ছেলে মো. সালমান (২৭) ও মো. জাফরের ছেলে কবির হোসেন (৩২)।
স্থানীয়দের অভিযোগ, সালমান ও কবির দীর্ঘদিন ধরে সানকি গ্রামসহ আশপাশের এলাকায় চুরি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। পাশাপাশি তারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার তাদের মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সাদেক হোসেন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে নিয়ে যায়।
ইউপি সদস্য সাদেক হোসেন বলেন, স্থানীয় জনতা দুই যুবককে আটক করে মারধর করে। পরে তিনি পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে তাদের নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আটক দুজনের কাছ থেকে মাদক পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার সন্ধ্যার পর মামলা করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।




