
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে সম্ভাব্য মেম্বার প্রার্থী হেদায়েত উল্লাহ খান বাবুলের উদ্যোগে এবং সাজেদা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রাফিমের তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমারডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ৩৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্বল্পমূল্যে ১৫০ টাকায় চশমা প্রদানের ব্যবস্থা রাখা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চক্ষু পরীক্ষা কার্যক্রমে অংশ নেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য মুজাম্মেল খান, বিশিষ্ট সমাজসেবক এমরান হোসেন মিঠু, মোস্তফা খান কালু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা সেলিম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চক্ষুসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে।




