শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মো. শাহাদাত হোসেন (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের দায়ে মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান। অভিযানে খিলাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর