
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন নিযিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হাজীকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। পুলিশ সূত্রে জানা যায়, কামাল হাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৪ আগস্ট শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় দায়ের করা মামলাও রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ২৭ আগস্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হাজীর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল ইউনিয়ন পরিষদে প্রবেশ করে ভাঙচুর চালায়।
পরে পরিষদ থেকে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, প্রজেক্টর সেট, আলমিরা, প্রিন্টার, লেমিনেটিং মেশিন ও ফটোকপি মেশিনসহ ৩৭ ধরনের মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কামাল হাজীকে গ্রেপ্তার করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।




