
চাঁদপুর খবর রিপোর্ট : সমঝোতা হওয়ায় চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে চলমান আইনজীবীদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু গতকাল শনিবার রাতে দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,বিচারকদের সাথে সমঝোতার পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এবং সদর সিনিয়র সিভিল জজ—এই তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা যে কর্মসূচি পালন করে আসছিলেন, সমঝোতার পরিপ্রেক্ষিতে তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কার্যালয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
আজকের বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় চলমান পরিস্থিতি, সমঝোতার বিষয় এবং আইনজীবীদের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হবে। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু বলেন, সমঝোতা হওয়ায় চলমান আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ সাধারণ সভায় আইনজীবীদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় জেলা আইনজীবী সমিতির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।




