শাহমাহমুদপুর ইউনিয়ন আ.লীগের সেক্রেটারী কামাল হাজী গ্রেফতার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহামায়া বাজার থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন দৈনিক চাঁদপুর খবরকে জানান, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীকে মহমায়া এলাকা থেকে গ্রেফতার করেছি । তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে ।

জানা যায়, ২০২৪ সালের ২৭ আগস্ট ২৮ জনকে উল্লেখ করে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করেন, ঐ বছরের ৪ আগস্ট রাত অনুমান ৯ ঘটিকার সময় ১নং আসামী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর নেতৃত্বে অপরাপর আসামীগণ প্রায় দুই থেকে আড়াইশ জন সন্ত্রাসী প্রকৃতির লোক শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ভিতর অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র-শস্ত্র অর্থাৎ রামদা, ছেনী, লোহার রড, জি.আই পাইপ, শাবল, কুড়াল, হকিস্টিক সহ ইত্যাদি যাবতীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে ইউনিয়ন পরিষদের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ভবনে থাকা বিভিন্ন মালামাল ভাঙ্গচুর করে।

এসময় পরিষদের কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, প্রজেক্টর সেট, আলমিরা, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, ফটোকপি মেশিন সহ সর্বমোট ৩৭ প্রকার বিভিন্ন মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। সেই মামলায় শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

সম্পর্কিত খবর