ড্যাফোডিলে সফল গ্র্যাজুয়েটদের সম্মাননা

চাঁদপুর খবর রিপোর্ট : সফল গ্র্যাজুয়েটদের পেশাগত অর্জনের স্বীকৃতি, অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। গত এক বছরে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি পাওয়া গ্র্যাজুয়েটদের সাফল্য উদযাপন, বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের মধ্যে দীর্ঘমেয়াদি সংযোগ তৈরি এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ‘বেস্ট এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল করিম, ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান এবং রেজিস্ট্রার ড. নাদির বিন আলী।

অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভার্চুয়ালি যুক্ত হয়ে সফল গ্র্যাজুয়েটদের উদ্দেশে ভিডিও বার্তা দেন।

চাকরিপ্রাপ্ত আমন্ত্রিত গ্র্যাজুয়েটদের অভ্যর্থনা ও নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত বক্তব্য দেন। এ সময় সফল গ্র্যাজুয়েটরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন।

পরে চাকরিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ডিআইইউ কালচারাল ক্লাবের পরিবেশনার মধ্য দিয়ে ‘স্বাধীনতা সম্মেলন কেন্দ্র’ থেকে র‌্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনারের পাশ দিয়ে ‘নলেজ টাওয়ার’-এ গিয়ে শেষ হয়। র‌্যালিতে ডিআইইউ রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা গ্র্যাজুয়েটদের গার্ড অব অনার প্রদান করেন।

এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল পরিবেশবান্ধব উদ্যোগ। সফল গ্র্যাজুয়েটদের সম্মান জানানোর ক্ষেত্রে প্রচলিত ফুলের তোড়ার পরিবর্তে স্যাশের পাশাপাশি বিভিন্ন ইনডোর ও শোভাবর্ধক গাছ উপহার দেওয়া হয়। এর মাধ্যমে গ্র্যাজুয়েটদের প্রতি ‘আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনা করি’—এমন প্রতীকী বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব চিন্তার প্রতিফলন ঘটানো হয়।

দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্বে ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’-এর সমাপ্তি ঘটে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়মিতভাবে তার প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্র্যাজুয়েটদের কর্মজীবনের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবীদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয়টি।

সম্পর্কিত খবর