
চাঁদপুর খবর রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি মহোদয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চাঁদপুর জেলা পরিদর্শন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতিনিধি দলটি চাঁদপুরে এসে জেলার স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় চাঁদপুর জেলার এইচআইভি/এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া পরিস্থিতি, রোগ শনাক্তকরণ, চিকিৎসা কার্যক্রম এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সম্পর্কে প্রতিনিধি দলকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা, জনবল, অবকাঠামো এবং রোগীদের সেবা প্রদানের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের মাধ্যমে চাঁদপুর জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার বর্তমান চিত্র, বিশেষ করে এইচআইভি/এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ের বাস্তবতা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এ পরিদর্শন জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা আরও কার্যকর ও সমন্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




