
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর শহরে নির্মাণকাজ করার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের ব্যাংক কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড, ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে চাঁদপুর পৌরসভার ব্যাংক কলোনি এলাকার আশরাফিয়া মাদ্রাসা-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রাসেল নামে এক ব্যক্তির ভবনের পঞ্চম তলার ছাদে শ্রমিকদের সঙ্গে নির্মাণকাজ করছিলেন ঠিকাদার দেলোয়ার হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মী শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




