
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার পৌর এলাকার সোনাপুরে মাদকবিরোধী অভিযানকালে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোনাপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে মো. আলমগীর হোসেনকে মাদক সেবনের দায়ে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি আদালতের কাছে দোষ স্বীকার করলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা আদালতকে সহায়তা করেন। এ সময় এলাকাবাসীকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জানান, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




