চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের বর্ণাঢ্য উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফকিরাপুল ইয়ংম্যানস ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সোয়া তিনটায় ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, বাফুফের ফুটবল ম্যানেজার সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক এবং ফুটবল কোচ জাহাঙ্গীর হোসেন গাজী। এ ছাড়াও অংশগ্রহণকারী দু দলের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বের মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। আগামী ২৫ সেপ্টেম্বর চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফকিরাপুল ইয়ংম্যানস ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরদিন ২৬ সেপ্টেম্বর খেলবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। আগামী ১৬ জানুয়ারি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে চাঁদপুর ভেন্যুর প্রথম পর্বের খেলা শেষ হবে।

ক্যাপশন : বেলুন উড়িয়ে চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বের খেলা উদ্বোধন করছেন অতিথিরা।

সম্পর্কিত খবর