ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে চাঁদপুর জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

তিনি তার বক্তব্যর বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। নিজেদের বাড়ি-ঘর, আঙিনা, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে যুবদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে। আমরা চাই চাঁদপুরের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতার এই বার্তা পৌঁছে দিতে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা বন্ধুকসী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসিম মাতব্বর, মো. হিরণ মাঝি, সহ-দফতর সম্পাদক মো. ইউসুফ মিয়াজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম খান, মাহাবুব মুন্না, মমিন হাওলাদার, জিয়া প্রধানিয়াসহ জেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন।

সম্পর্কিত খবর