বাবুরহাটে জেলা পরিষদের জায়গা পিলার দিয়ে বেষ্টনীকালে সরকারি কাজে বাধা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের বাবুরহাটে জেলা পরিষদের উদ্ধার করা জায়গা পিলার দিয়ে বেষ্টনী দেওয়ার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে তারা জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বেষ্টনী নির্মাণের পিলার ভাঙচুর করে উপড়ে ফেলে এবং কর্মকর্তাদের গালাগাল করে। এ সময় নিজেদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করারও অভিযোগ রয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা বাবুরহাট মোবারক মার্কেটের ওই স্থানে যান। সম্প্রতি উচ্ছেদ অভিযানের মাধ্যমে উদ্ধার করা জেলা পরিষদের জায়গাটি যাতে পুনরায় হকারদের দখলে চলে না যায়, সে জন্য সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রাথমিক কাজ শুরু করেন তারা।

এ সময় পার্শ্ববর্তী মোবারক মার্কেটের মালিক মামুনসহ তার লোকজন কাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। তারা বেষ্টনীর জন্য স্থাপন করা পিলারগুলো তুলে ফেলে তছনছ করেন এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালাগাল করেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিমকে অবহিত করেন। একপর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, মোবারক মার্কেটের সামনে উচ্ছেদ করা ওই জায়গায় জেলা পরিষদের উদ্যোগে একটি বহুতল মার্কেট ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই প্রাথমিক কার্যক্রম হিসেবে বৃহস্পতিবার জায়গাটিতে বেষ্টনী দেওয়ার কাজ শুরু করা হয়।

এ বিষয়ে মোবারক মার্কেটের মালিক মাসুদকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিম বলেন, “আমাদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। এটি সরকারি বিধি-বিধানের পরিপন্থী কাজ। জায়গাটি জেলা পরিষদের মালিকানাধীন। এখানে আমরা জনস্বার্থে একটি মার্কেট নির্মাণ করব।”

সম্পর্কিত খবর