
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের ব্যবস্থাপনায় এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দ্বিতীয় দফায় ৫০টি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় জেলা বিএনপি কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির পক্ষে প্রতিবন্ধী ও অসহায় মানুষের হাতে এই অনুদানের চেক তুলে দেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ দলীয় নেতৃবৃন্দ।
চেক বিতরণকালে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে আনন্দ ও স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




