শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি

শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাদিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে পৌরসভার বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ে এ র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত মাদকবিরোধী র‌্যালিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শাহরাস্তি থানায় কর্মরত পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন। র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর