
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে খালটির পানিপ্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিত। এতে দুর্ভোগে পড়তেন কয়েক হাজার মানুষ।
সম্প্রতি জলাবদ্ধতার সমস্যা নিয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে খাল খনন কাজের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, খালটি দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছিল না। খননকাজ সম্পন্ন হলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে। ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
স্থানীয়রা জানান, দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালটি দীর্ঘদিন ধরে পলি, কচুরিপানা ও বিভিন্ন প্রতিবন্ধকতায় সংকুচিত হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পেরে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমিতে পানি জমে জনদুর্ভোগ বাড়ত।
খাল খনন কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা আশা করছেন, খননকাজ যথাযথভাবে সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক গণি তপাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদাউস, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল গাজী, ইউপি সদস্য জিলানী দেওয়ানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




