চাঁদপুরে ডোপ টেস্টের আগে ফাঁড়ি থেকে পলাতক এসআই মামুন

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর পুলিশ ফাঁড়ি থেকে এক এসআই পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসআইয়ের নাম মামুন উর রশিদ। তিনি চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি বলেন, “তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় এসপি স্যারের নির্দেশে গতকাল আমরা তার ডোপ টেস্ট করাতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই তাকে পাওয়া যায়নি। তার বাসায় গিয়েও আমরা তাকে পাইনি। এখন বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানা যায়, ডোপ টেস্ট করানোর উদ্যোগের বিষয়টি জানার পর থেকেই এসআই মামুন উর রশিদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে তিনি কেন অনুপস্থিত রয়েছেন, সে বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশের একজন সদস্যকে ডোপ টেস্ট করানোর উদ্যোগ এবং পরবর্তীতে তাকে না পাওয়ার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে তা যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সম্পর্কিত খবর