
চাঁদপুর খবর ডেক্স : বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর অংশ হিসেবে ‘Universities as Innovation Engines: Turning Research and Knowledge into Economic Value’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানকে শিল্পখাত ও অর্থনৈতিক মূল্যে রূপান্তর, গবেষণার বাণিজ্যিকীকরণ এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের কার্যকর অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটার সম্মেলন কক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
বৈঠকটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানকে শিল্প ও অর্থনৈতিক মূল্যে রূপান্তর, ক্যাম্পাসভিত্তিক ইনকিউবেশন ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি, গবেষণার বাণিজ্যিকীকরণ এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের কার্যকর অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, গবেষণা ও প্রতিভাকে জাতীয় অর্থনীতির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে শিক্ষক মূল্যায়ন ও প্রণোদনা কাঠামো,
প্রয়োজনীয় ইনোভেশন অবকাঠামো এবং শিল্পখাতের বাস্তব সমস্যাকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে যুক্ত করা জরুরি। একই সঙ্গে ক্যাম্পাসে ইনকিউবেশন ও উদ্ভাবন কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং অর্থনীতিতে মূল্য সৃষ্টির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তিনি বলেন, এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ গবেষণা, গবেষণার ফল বাণিজ্যিকভাবে কাজে লাগানো,
পেটেন্ট কার্যক্রম এবং সক্ষম বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইউজিসি। সূচনা বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই উদ্ভাবনী ভূমিকা রাখতে হবে। গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের মাধ্যমে সামাজিক প্রভাব সৃষ্টি করতে হবে। গোলটেবিল বৈঠকে প্যানেল সদস্য ও আমন্ত্রিত অংশীজন হিসেবে নির্ধারিত বিষয়ে মতামত উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম, এনডিসি; স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই;
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উম্মে সালমা জোহরা এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। বৈঠকে বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, শিল্পখাত ও স্টার্টআপ ইকোসিস্টেমের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় উঠে আসা মতামতের ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করে তা নীতিনির্ধারণী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়।




