
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে যোগ দেন।
পরে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে কীভাবে ফলাফল আরও উন্নত করা যায়, সে বিষয়ে বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা করেন জেলা শিক্ষা কর্মকর্তা।
এ সময় তিনি বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এসব ল্যাবের ব্যবহার বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। জেলা শিক্ষা কর্মকর্তা অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা আয়োজন, শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ করা এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করার নির্দেশনা দেন।
এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়ন এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি নতুন কুঁড়ি প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন, নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন ও বাস্তবায়ন এবং ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটু ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার নির্দেশনা দেন।
বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিবছর বিজ্ঞান মেলা আয়োজন, পাঠাগার সচল রাখা এবং নিয়মিত সহপাঠক্রমিক কার্যক্রম বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন।
এ সময় বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং জোরদার করার পাশাপাশি বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরির নির্দেশনা দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
পরিদর্শনকালে তিনি একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং এসএসসি পরীক্ষার ফলাফল আরও ভালো করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।




