
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজার এলাকায় পচা-নষ্ট ইলিশ মাছ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানসূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে পচা-নষ্ট ইলিশ মাছ সংরক্ষণ করার অপরাধে ব্যবসায়ী আমীর হোসেনকে ৩ হাজার টাকা ও সেলিম হাওলাদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘খাওয়া দাওয়া হোটেল’কে ২ হাজার টাকা এবং ‘আরফান হোটেল’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছ জনসমক্ষে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করে।
অভিযানকালে সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে ও বাজার মনিটরিং নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




