
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার মোট ১০ আসামিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় হাইমচর থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
হাইমচর থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পাঁচজন, পরোয়ানাভুক্ত দুইজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচ মাদক ব্যবসায়ীর মধ্যে রয়েছেন—নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা ও বর্তমানে হাইমচরের চরভাঙ্গা এলাকার আনোয়ার বেপারী বাড়িতে বসবাসকারী মো. আব্দুল হক সুজন (২৮), চরভাঙ্গার মো. ইমান হোসেন শেখ (৩৫), দক্ষিণ চরভৈরবীর মো. সাইজ উদ্দিন (৪০), মহজমপুরের মো. হাসান গাজী (২৪) এবং ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকার মো. মাসুদ ভূঁইয়া (৫০)। এ ছাড়া ওয়ারেন্টের ভিত্তিতে হাইমচর উপজেলার লামছড়ি এলাকার মো. আল আমিন পাটোয়ারী এবং দক্ষিণ আলগী এলাকার মোনালিসা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মোনালিসা আক্তার একটি ছুরিকাঘাতের মামলার আসামি। অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চরভাঙ্গা এলাকার মো. রায়হান (২৩), দক্ষিণ আলগী এলাকার সাকিল বেপারী (২২) এবং চরপোড়ামুখী এলাকার কাদির গাজী (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, হাইমচর উপজেলায় মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর।
পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা বলেন, “হাইমচরকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতাও আমরা প্রত্যাশা করি।”
পুলিশের এমন ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। হাইমচর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




