কচুয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক শিক্ষককে কারাগারে প্রেরণ

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় নিজ প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে আটক শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. নুরুল আলম (৪০) উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নুরুল আলম আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়ির ‘মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং সেখানে শিক্ষকতা করতেন। গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।

মামলার বাদী ওই ছাত্রীর মা আনোয়ারা বেগম জানান, ঘটনার দিন সকালে তার মেয়ে পড়ালেখা করার সময় শিক্ষক নুরুল আলম তাকে কৌশলে আবাসিক কক্ষে ডেকে নিয়ে অনাকাঙিক্ষত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করেন। ওই ছাত্রী কান্নাকাটি করে পড়ার কক্ষে ফিরে আসে এবং পরবর্তীতে পুরো বিষয়টি মাকে জানায়। পরে পরিবার ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই শিক্ষক এর আগেও মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। এ বিষয়ে কচুয়া থানার পুলিশ জানায়, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত মো. নুরুল আলমকে গ্রেপ্তার করে সোমবার সকালে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত খবর