
চাঁদপুর খবর রিপোর্ট : ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির চাঁদপুর জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির জেলা সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন সমিতির জেলা পর্যায়ের সম্পাদক ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। জেলার ৮টি উপজেলার উপজেলা পর্যায়ের বিজয়ী দল ও প্রতিযোগীরা জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবা—এই চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড় ও দলগুলো আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য অঞ্চল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করবে।




