
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করার খবর পাওয়া গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে চান্দ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—জিসান পাটোয়ারী (২৪), পিতা মান্নান পাটোয়ারী এবং সুমন সরকার (২২), পিতা দুলু সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দ্রা ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে চান্দ্রা ইউনিয়নসহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্র আরও জানায়, আটক জিসান পাটোয়ারী চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় পাটোয়ারীর চাচাতো ভাই।
তবে এ সম্পর্কের সঙ্গে মাদক সংশ্লিষ্টতার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। এর আগেও চান্দ্রা ইউনিয়নে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে স্থানীয়রা জানান। চাঁদপুর মডেল থানার এএসআই মো. জসিম জানান, “চান্দ্রা ইউনিয়নে এলাকাবাসী দুইজনকে মাদকসহ আটক করে পুলিশকে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি।
আটক দুইজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এলাকাবাসী ও সচেতন মহল এভাবে সহযোগিতা করলে চান্দ্রা ইউনিয়ন থেকে মাদক নির্মূল করা সহজ হবে।” ঘটনার বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।




