হাইমচরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. শামছুদ্দোহা সেলিম, হাইমচর সংবাদদাতা: চাঁদপুরের হাইমচর উপজেলার বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদকের অপব্যবহার রোধ ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সৈয়দ আহমেদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।

সভায় বক্তারা যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী গাজী, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান গাজীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে হাইমচর থানা পুলিশের আয়োজনে একটি মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সম্পর্কিত খবর