
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলবে যাত্রীবাহী বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকসহ একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ বাসটিও জব্দ করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। তার চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), নিহত সাদিয়ার শাশুড়ি খোরশেদা বেগম (৫৮), দেবর জিলানী (২৮) এবং ননদ পারভীন (৪০)। ইজিবাইক চালক রোমান নায়েরগাঁও এলাকার বাসিন্দা এবং মতলব পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্বজনকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা : প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন মো. ইয়াছিন মিয়া জানান, তাদের জেঠাতো ভাই রুহুল আমিনের মা রাজিয়া বেগম (৫০) শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফন হওয়ার কথা ছিল। মৃত আত্মীয়কে দেখতে সকালে পরিবারের সদস্যরা একটি ইজিবাইকে করে যাচ্ছিলেন। তারা নাগদা বড় বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’-এর একটি বাস ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া আক্তারের মৃত্যু হয়।
আহত ৪ জনকে ঢাকায় পাঠানো : দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাসচালককে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা : দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসের চালক কাউছারকে আটক করে স্থানীয় বড় বাড়ির মসজিদসংলগ্ন একটি কাছারি ঘরে আটকে রাখেন। কাউছারের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় বলে জানা গেছে। এ সময় এলাকাবাসী ওই সড়কে সব ধরনের বাস চলাচলও বন্ধ করে দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে আটক বাসচালককে হেফাজতে নেন এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




