
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ (১০) ধারা অনুযায়ী স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত এডহক কমিটির সভাপতি এস এম বাকের খন্দকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শিক্ষক প্রতিনিধি ইবনে মাসুদ এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল। এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এস এম বাকের খন্দকার চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
একই সঙ্গে তিনি শাহতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং এডহক কমিটির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, দায়িত্ব পালনে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।




