চাঁদপুরে লঞ্চে অসুস্থ নারীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান

আহম্মদ উল্যাহ : কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

পরে কোস্ট গার্ডের বোটে করে ওই নারীকে হরিণা ফেরিঘাটে এনে অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক নারী তার পুত্রবধূকে সঙ্গে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর পুত্রবধূ হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

এ সময় লঞ্চের এক যাত্রী বিষয়টি জানিয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে অক্সিজেন সিলিন্ডারসহ একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে যায়। পরে অসুস্থ নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় কোস্ট গার্ড। এজন্য কোস্ট গার্ডের বোটে করে তাকে হরিণা ফেরিঘাটে আনা হয়। এরপর কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে।

সম্পর্কিত খবর