
চাঁদপুর খবর রিপোর্ট : ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট, ক্লিন চাঁদপুর, বিএনসিসি, স্কাউট এবং পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। তারা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থলে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, শুধু প্রশাসন বা পৌরসভার একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে চলমান এ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন ও মশামুক্ত চাঁদপুর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।




