
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে এই প্রথম সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ২২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সদর ও হাইমচরে ৫৭১ জন। অনুষ্ঠানে ৯২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত রয়েছে।”
তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায়ও শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। লেখাপড়ার জন্য চাঁদপুরকে ওয়ান-স্টপ সার্ভিস হিসেবে গড়ে তোলা হবে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখার সুযোগ ছাড়া উচ্চশিক্ষার প্রায় সব ব্যবস্থাই চাঁদপুরে রয়েছে। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাইমচর কলেজসহ জেলার সব কলেজের শিক্ষার মান সমান করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকার ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’ করেছে। ইতোমধ্যে চাঁদপুর মেডিকেল কলেজের আটটি সেশনের শিক্ষার্থী বের হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, তোমরা দেশ পরিবর্তনে অংশ নেবে এবং সুন্দর চাঁদপুর বিনির্মাণে ভূমিকা রাখবে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামীতে বিসিএস ক্যাডার, ডাক্তারসহ বিভিন্ন পেশায় চাঁদপুরের সন্তানরা নেতৃত্ব দেবে। তবে ইঞ্জিনিয়ারিং শিক্ষার সুযোগ সম্প্রসারণে কিছুটা সময় লাগবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সরকারের উন্নয়নমূলক কাজগুলো দৃশ্যমান হবে।
মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে ৯৯৯-এ ফোন দিতে হবে। প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠাতে হবে। চাঁদপুরে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও ভূমিদখলদারদের কোনো স্থান হবে না।
তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে। কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করা যাবে না। একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। সবাইকে মশারি ব্যবহার করে ঘুমাতে হবে এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া কোথাও বালু কাটা বা ভরাট করা যাবে না। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা নিতে হবে।
শিক্ষার্থীদের গাছ লাগানোর আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী অন্তত দুটি করে গাছ লাগাবে এবং সেই ছবি আমাদের কাছে পাঠাবে। আমরা ছবিগুলো আর্কাইভ করে রাখব।
শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে সতর্ক করলেন কুমিল্লা বোর্ড চেয়ারম্যান
বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, “তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করলে তোমরা তোমাদের লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে যাবে।”
তিনি বলেন, ক্লাসের কোনো তুলনা হয় না। প্রাইভেট পড়ার অজুহাতে ক্লাস বর্জন করা যাবে না। মোবাইল শিক্ষার কাজে প্রয়োজন ছাড়া ব্যবহার করা যাবে না। ফেসবুক, মেসেঞ্জারে অতিরিক্ত সময় কাটালে জীবন পিছিয়ে যাবে। এগুলো বর্জন করলে ভালো ফলাফল করা সম্ভব।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের আগ্রহই তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে।
শিক্ষকদের উদ্দেশে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, একজন শিক্ষক স্বপ্নদ্রষ্টা। শিক্ষকদের মেধাশূন্য হওয়া যাবে না। একজন শিক্ষককে স্মার্ট শিক্ষক হতে হবে। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে ক্লাস নিলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। শিক্ষকদের আন্তরিকতায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক এ.টি.এম. মোস্তফা, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম এবং হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জোছনা আক্তার মমতাজ, রতন কুমার বাইন ও রাশেদুল ইসলাম।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের তাজবীর হান্নান, নীলকমল মাদ্রাসার শিক্ষার্থী ফারিহা এবং হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, অ্যাডভোকেট এ.টি.এম. মোস্তফা কামাল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, মোশাররফ হোসেন, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, আমিন উল্যা বেপারী, ডি.এম. শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাডভোকেট হারুন উর রশিদ, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, মো. আফজাল হোসেন বেপারী, অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী, মাজহারুল ইসলাম সফিক, শাহাজালাল মিশন, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, অ্যাডভোকেট সামছুল আলম মন্টু, দফতর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম, ছাত্রবিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক প্রফেসর জাকির হোসেন, সদস্য মাহবুবুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যা খোকন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসীম উদ্দিন পাটোয়ারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




