
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে নানা সামাজিক কর্মসূচি পালন করেছে এম, এম, নুরুল হক ফাউন্ডেশন।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভাইজোড়ায় অবস্থিত পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, মশারি, খাবার স্যালাইন ও প্যারাসিটামল ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আয়োজকরা।
অনুষ্ঠানে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এম, এম, নুরুল হক ফাউন্ডেশনের সহ সভাপতি জেসমিন মুননীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ও এম, এম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিতে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি। সেরা উপস্থিতি সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নানা প্রকার খেলাধুলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার বিথীসহ অন্যান্য শিক্ষক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বক্তারা জানান, সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কোনো বিদেশি সংস্থা বা বহিরাগত আর্থিক সহযোগিতা নেওয়া হয় না। ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল হক শোয়েব ও সহ-সভাপতি জেসমিন মুন্নী তাঁদের নিজস্ব উপার্জনের একটি অংশ দিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছেন। মানুষের পাশে দাঁড়াতে পেরে প্রাপ্ত আত্মতৃপ্তিই এই ফাউন্ডেশনের প্রধান অনুপ্রেরণা।
অনুষ্ঠান থেকে সমাজের সামর্থ্যবান ও উচ্চবিত্ত মানুষদের নিজ নিজ অবস্থান থেকে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে একটি মানবিক ও সুন্দর সমাজ। সেই সাথে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম রফিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন অনুষ্ঠানের আয়োজকরা।




