
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর নৌ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পরিচালিত অভিযানে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন : মো. আব্দুল করিম (২৮), পিতা—মৃত বিল্লাল হোসেন এবং তার মা রাহিমা বেগম (৫০), স্বামী—মৃত বিল্লাল হোসেন। তারা সম্পর্কে মা ও ছেলে। তাদের ঠিকানা কুমিল্লা জেলার লাকসাম থানার মিশ্রি গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল।গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দকৃত গাঁজার উৎস, সরবরাহকারী এবং পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে এ মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চাঁদপুর সদর নৌ থানা পুলিশ মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




