
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি চাঁদপুরের কৃতিসন্তান শেখ ফরিদ আহম্মেদ মানিক জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।
১০সেপ্টেম্বর জাতীয় সংসদের এ সংক্রান্ত স্থায়ী কমিটি অনুমোদন লাভ করে।
জানা গেছে, এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের মতো চাঁদপুরের একজন অভিজ্ঞ ও জনসম্পৃক্ত রাজনীতিক সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় জেলার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি। রাজনৈতিক জীবন : শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক জীবনে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সঙ্গেও তিনি সাংগঠনিকভাবে যুক্ত এবং ব্যবসায়িক ক্ষেত্রেও তাঁর পরিচিতি রয়েছে।
তিনি সিল্কওয়েজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চাঁদপুরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগ ও দাবি তুলে ধরেছেন। চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল/ইপিজেড প্রতিষ্ঠার বিষয়েও তিনি সরকারের কাছে প্রস্তাব তুলে ধরেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও নীতিনির্ধারণী বিষয়ে সংসদীয় পর্যালোচনায় সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন শেখ ফরিদ আহম্মেদ মানিক। তাঁর এই দায়িত্ব চাঁদপুরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল।




