নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাও. নুরুজ্জামানের স্মরণে দোয়া মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএম ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, কচুয়ায় অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চাঁদপুর শাখার সভাপতি এবং বিশিষ্ট মুফাসসির মাওলানা নুরুজ্জামান (রহ.)-এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় নিশ্চিন্তপুর ডিএম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা নূর আহমেদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান ও সহকারী মুহাদ্দিস মাওলানা দেলোয়ার হোসাইন।

স্মরণসভায় মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন তাঁর বক্তব্যে মরহুম মাওলানা নুরুজ্জামানের কর্মময় জীবন, দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষক ও আলেম হিসেবে মাওলানা নুরুজ্জামান (রহ.) মানুষের মাঝে দ্বীনি জ্ঞান ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর মৃত্যুতে শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আবু ইউসুফ, মো. বিল্লাল হোসেন, জালাল উদ্দিন, আহসান উল্লাহ, মো. সাখাওয়াতসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী মুহাদ্দিস মাওলানা দেলোয়ার হোসাইন।

সম্পর্কিত খবর