
চাঁদপুর খবর রিপোর্ট : জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), চাঁদপুরের বিদ্যুৎ বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চাঁদপুর শহরের আওতাধীন পুরানবাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি বাসবার, হাইমাস্টসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ সরঞ্জামে কাজ করা হবে। এ কারণে আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া ওই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা এলাকাগুলোতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসেবে এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। চাঁদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষে মোঃ মেহেদী হাসান ভূঁইয়া, পরিচিতি নম্বর-০১-১৯২৪, নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ ও বিতরণ বিভাগ, বিউবো, চাঁদপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




