চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যাণ সভা এবং বিকেলে পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সভাটি উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর। সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়, কর্মপরিবেশের উন্নয়ন, আবাসন, চিকিৎসা, ছুটি, রেশনসহ বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের ও পরিবারের কল্যাণের প্রতিও গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অন্যদিকে, বিকেলে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্তের অগ্রগতি, অপরাধের ধরন ও প্রবণতা, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।

সভায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই (পুলিশ লাইন্স), আরওআই (রিজার্ভ অফিস)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর